ভূপতিনগরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে পলাতক স্বামী-শ্বশুরবাড়ি

May 3, 2026 - 10:37
 14
ভূপতিনগরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে পলাতক স্বামী-শ্বশুরবাড়ি

পূর্ব মেদিনীপুর: ভূপতিনগর থানার রসিকনগর এলাকায় চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মধুমিতা প্রধান পাহাড়ি (২১)। ঘটনায় খুনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রতিবেশীরা বাড়ির ভিতরে মধুমিতার ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মধুমিতার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও সেই নির্যাতন বন্ধ হয়নি। মৃতার দাদা দেবকান্ত প্রধান দাবি করেন, "পরিকল্পিতভাবে মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে দেখাতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।” তাঁর অভিযোগ, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ-কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।