‘ক্ষমতার অপব্যবহার’, আপ সরকারকে তোপ সন্দীপের
"এটা ক্ষমতার অপব্যবহার,” আম আদমি পার্টি (আপ)-কে তোপ দেগে এমনটাই বললেন সন্দীপ পাঠক।রবিবার একটি সাংবাদিক বৈঠকে সন্দীপ বলেন, “গণমাধ্যমে জানতে পেরেছি পাঞ্জাবে আমার বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের হয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমি এখনও কিছু জানতে পারিনি। আমার কাছে এফআইআরেক কপি এসে পৌঁছয়নি।” তিনি আরও বলেন, “যদি কোনও এফআইআর দায়ের হয়ে থাকে তাহলে তা ক্ষমতার অপব্যবহার করে করা হয়েছে। আমি এর জবাব দেব। আমি ব্যক্তিগত কারণে আপ ছাড়িনি। আদর্শগত এবং কর্মপদ্ধতিগত মতপার্থক্যের কারণে আমি দল ছেড়েছি।” আপ ছেড়ে বিজেপিতে যাওয়া সাত সাংসদকে নিয়ে জলঘোলা চলছে কয়েকদিন ধরেই। তার মধ্যেই সন্দীপের বিরুদ্ধে পাঞ্জাব পুলিশের পদক্ষেপ ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড়। বিজেপি-সহ বিরোধীদের দাবি, এটা রাজনৈতিক প্রতিহিংসার নমুনা। বিজেপি তো বটেই সুর চড়াচ্ছে অকালি দলও। এই পরিস্থিতিতে পাঞ্জাবে অকালি দল এবং বিজেপির ফের কাছাকাছি আসা নিয়েও জল্পনা ছড়াচ্ছে।গত শুক্রবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গেই গেরুয়া শিবিরমুখী হন আরও ছয় আপ সাংসদ। তাঁরা হলেন – স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি। কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার বিপাকে পড়লেন সন্দীপ। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, শনিবার জামিন অযোগ্য ধারায় সন্দীপের বিরুদ্ধে মামলাগুলি রুজু করা হয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং নারী হেনস্তার মতো গুরুতর অভিযোগ রয়েছে। মামলা দু’টিতে গ্রেপ্তার হতে পারেন প্রাক্তন আপ নেতা।