রানীগঞ্জে পরিযায়ী শ্রমিকবোঝাই বাস দুর্ঘটনা, আহত মহিলা-শিশুসহ ৪
শ্রমিকবোঝাই একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে চাঞ্চল্য ছড়ায়।
ঘটনায় মহিলা ও শিশুসহ মোট চারজন আহত হয়েছেন।
জানা গেছে, ভোট দিয়ে দেশের বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গা থেকে ওল্ড দিল্লি হয়ে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রায় ৬০ জন শ্রমিকবোঝাই বাসটি। শুক্রবার গভীর রাতে, প্রায় দু'টো নাগাদ মঙ্গলপুর শিল্প তালুক এলাকার রানীগঞ্জ স্কয়ার সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভিতরে। অনেকেই আগুন লাগার আশঙ্কায় চিৎকার শুরু করেন। পরে জানা যায়, বাসটি রাস্তার ধারে থাকা ব্যানার-পোস্টার ও একটি বিদ্যুতের খুঁটি ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একপাশ ঘষতে ঘষতে রানীগঞ্জ স্কয়ারের দিকে ঢুকে পড়ে।
এই ঘটনায় বাসে থাকা এক পরিবার -স্বামী, স্ত্রী ও তাদের ছোট ছেলে-জানালার ধারে থাকায় আহত হন। পাশাপাশি বাসের খালাসীও চোট পান। তবে সকলের আঘাত গুরুতর না হওয়ায় স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাস চালকের অন্যমনস্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। চালককে আটক করা হয়েছে।
খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে অন্য বাসে তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করে।
উল্লেখ্য, গভীর রাতে দুর্ঘটনাটি ঘটায় ওই সময় রাস্তায় জনসমাগম কম ছিল। দিনের বেলায় এই ঘটনা ঘটলে বড়সড় বিপদ হতে পারত বলে মনে করা হচ্ছে।