পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুন, পাঁচ বছর পর স্বামীকে যাবজ্জীবন সাজা
দুর্গাপুর মহকুমা আদালত স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল। পাশাপাশি আদালত ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করেছে।
ঘটনাটি ঘটে ২০২১ সালের ৫ সেপ্টেম্বর কাঁকসা থানার আড়া এলাকার একটি আবাসনে। পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজার বিপ্লব পারিদা তাঁর স্ত্রী ইপসা প্রিয়দর্শিনী-র সঙ্গে ওই আবাসনে ভাড়া থাকতেন। বিপ্লবের বাড়ি ওড়িশায় এবং ইপসার বাড়ি কটকে। ২০১৯ সালে দেখাশোনা করে তাঁদের বিয়ে হয়েছিল।
কর্মসূত্রে কাঁকসাতেই বসবাস করতেন ওই দম্পতি।
তদন্তে উঠে আসে, বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলত। ঘটনার দিন রাতেও তাঁদের মধ্যে বচসা চরমে ওঠে। অভিযোগ, উত্তেজনার মাথায় পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করেন বিপ্লব পারিদা।
ঘটনার পর অভিযুক্ত নিজেই মোটরবাইক চালিয়ে কাঁকসা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং অপরাধের কথা স্বীকার করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝে থেকে ইপসার দেহ উদ্ধার করে। পরে মৃতার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আবাসনের অন্যান্য বাসিন্দারাও ঘটনায় হতবাক হয়ে পড়েন। এরপর তদন্ত শুরু করে কাঁকসা থানা।
দীর্ঘ তদন্ত, সাক্ষ্যপ্রমাণ ও শুনানির পর অবশেষে মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। শ্রাবণী সরকার জানান, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলা শুরু হয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে আদালত অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়।