ধলাই জেলায় হাইস্কুলগুলিতে বন্ধ কম্পিউটার শিক্ষা, ছাঁটাই শিক্ষক-শিক্ষিকাদের ক্ষোভ
ধলাই জেলা-র শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন হাইস্কুলে গত এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কম্পিউটার শিক্ষা। এর ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীরা আধুনিক প্রযুক্তি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ছাঁটাই হওয়া কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
জানা গিয়েছে, রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে এজেন্সির মাধ্যমে বিভিন্ন দ্বাদশ শ্রেণি ও হাইস্কুলে কম্পিউটার শিক্ষা দেওয়ার জন্য মোট ৩৬৫ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে ধলাই জেলার বিভিন্ন স্কুলে কর্মরত ছিলেন ৪৪ জন। দীর্ঘ কয়েক বছর ধরে তাঁরা ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা দিয়ে আসছিলেন।
অভিযোগ, প্রায় এক মাস আগে হঠাৎ করেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নোটিশ জারি করে কম্পিউটার শিক্ষা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে না আসার নির্দেশও দেওয়া হয়। এরপর থেকেই স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বর্তমানে বহু স্কুলের কম্পিউটার রুম কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে। কোথাও কোথাও সেই ঘরগুলি গোডাউন হিসেবেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হালহালী ইংলিশ মিডিয়াম হাইস্কুল-এর ছাত্রছাত্রীরাও পুনরায় কম্পিউটার শিক্ষা চালুর দাবি তুলেছে। স্কুলের এক প্রাক্তন কম্পিউটার শিক্ষিকা জানান, গত ৩১ মার্চ পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। হঠাৎ করেই নোটিশ দিয়ে জানানো হয় তাঁর পরিষেবার মেয়াদ শেষ হয়েছে। তিনি বলেন, "এক মাসেরও বেশি সময় ধরে আমরা কর্মহীন। ছাত্রছাত্রীদেরও ক্ষতি হচ্ছে। সরকার যেন পুনরায় কম্পিউটার শিক্ষা চালু করে এবং আমাদের পুনর্নিয়োগ করে।"
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ চক্রবর্তী জানান, "গত এক মাস ধরে আমাদের স্কুলে কম্পিউটার শিক্ষা বন্ধ রয়েছে। স্কুলে মোট ২১৩ জন ছাত্রছাত্রী কম্পিউটার শিক্ষা নিত। বিষয়টি নিয়ে সরকারের কাছে পুনরায় শিক্ষা চালুর আবেদন জানানো হয়েছে।"
এদিকে ছাত্রছাত্রীদের বক্তব্য, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত এই শিক্ষা ব্যবস্থা পুনরায় চালু করার দাবি জানিয়েছে