পুকুরে ভাসছে পচাগলা দেহ, সকালেই চাঞ্চল্য দুর্গাপুরে
দুর্গাপুর: পুকুরে ভাসতে দেখা গেল পচাগলা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের ধান্ডাবাগ সুকান্ত পল্লী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কয়েকজন বাসিন্দার নজরে আসে পুকুরের জলে অস্বাভাবিকভাবে ভাসতে থাকা দেহটি। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে ভিড় জমায় এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে তারা। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কতদিন ধরে দেহটি জলে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পচাগলা অবস্থায় দেহটি থাকায় মৃতের পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার বাসিন্দা আশীষ গরাই জানান, "সকালে খবর পেয়ে এসে দেখি পুকুরে এক অজ্ঞাত ব্যক্তির দেহ ভাসছে। কোথা থেকে এসেছে, কিছুই বুঝতে পারছি না।"