ভোট দিতে গিয়ে 'ভোট হয়ে গেছে'! ক্ষুব্ধ গাড়িচালকদের জাতীয় সড়ক অবরোধ, আত্মঘাতীর হুমকি
নদিয়া, কৃষ্ণনগর:
দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা সামনে এল কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। অভিযোগ, নির্বাচনের কাজে নিযুক্ত একাধিক গাড়িচালক নিজেদের বুথে ভোট দিতে গিয়ে জানতে পারেন, তাঁদের ভোেট ইতিমধ্যেই পড়ে গেছে। কে বা কারা এই ভোট দিল, তা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের মধ্যে।
জানা গেছে, কৃষ্ণনগর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) দপ্তরের অধীনে নির্বাচনী কাজে বহু গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। সেই গাড়ির চালকেরাই আজ ভোট দিতে গিয়ে এই অনিয়মের মুখোমুখি হন। ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাঁদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। অন্যথায় তাঁরা আত্মঘাতী হওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী সাধন ঘোষ। তিনি সরাসরি কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, প্রশাসনের একাংশ পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে এবং শাসকদলের হয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, পাশাপাশি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।