দলাদলি ভুলে শান্তির বার্তা, এক সাইকেলে তিন দলের পতাকা ঘুরে বেড়াচ্ছে বর্ধমানে

Apr 25, 2026 - 14:21
 21
দলাদলি ভুলে শান্তির বার্তা, এক সাইকেলে তিন দলের পতাকা ঘুরে বেড়াচ্ছে বর্ধমানে

বর্ধমান।

ভোটের উত্তাপ যখন রাজ্যজুড়ে তুঙ্গে, ঠিক তখনই পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে ধরা পড়ল এক অন্য ছবি।

রাজনৈতিক সংঘাতের মাঝেই সৌজন্য ও সহাবস্থানের বার্তা নিয়ে রাস্তায় নামলেন এক যুবক-একটি সাইকেলে বেঁধে নিলেন তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম-তিন প্রধান রাজনৈতিক দলের পতাকা।

শহরের ব্যস্ত রাজপথ থেকে অলিগলি-সব জায়গাতেই এখন পরিচিত মুখ হয়ে উঠেছেন এই যুবক। তার সঙ্গী একটি পুরনো সাইকেল, আর সেই সাইকেলের হ্যান্ডেলে বাঁধা তিন দলের পতাকা যেন এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।

আপাতদৃষ্টিতে যা বৈপরীত্য, তার মধ্যেই লুকিয়ে রয়েছে সহাবস্থানের বার্তা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই যুবক জানান, "সব দলই ভালো, তাদের আদর্শ আলাদা হতে পারে। সমস্যা তৈরি হয় নিচুতলার কিছু কর্মী-সমর্থকদের উগ্র মানসিকতায়। তাদের দ্বন্দ্ব থেকেই হিংসা ছড়ায়, রক্ত ঝরে, ভেঙে যায় পরিবার।"

তার বক্তব্য, গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজের পছন্দমতো ভোেট দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু সেই ভোেট যেন কোনোভাবেই হিংসার কারণ না হয়। তিনি হিংসামুক্ত ভোটের ডাক দিয়েছেন এবং সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

এই অভিনব উদ্যোগে ইতিমধ্যেই সাড়া ফেলেছে শহরে। বহু বাসিন্দা তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। ভোট-রাজনীতির তীব্র প্রতিযোগিতার মধ্যেও মানবিকতা ও শান্তির এই বার্তা বর্ধমানবাসীর মনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই মত অনেকের।

রাজনৈতিক উত্তাপের মাঝেও এই "শান্তির সাইকেল” যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে-গণতন্ত্রের আসল শক্তি সহাবস্থান ও সৌহার্দ্যেই।