ভোটের পর খুলতেই মদের দোকানে উপচে পড়া ভিড়, কাঁকসা-সিটি সেন্টারে দীর্ঘ লাইন

Apr 25, 2026 - 14:23
 13
ভোটের পর খুলতেই মদের দোকানে উপচে পড়া ভিড়, কাঁকসা-সিটি সেন্টারে দীর্ঘ লাইন

দুর্গাপুর।

চড়া রোদের মধ্যেই যেন উৎসবের আবহ। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর মদের দোকান খুলতেই শহরের বিভিন্ন প্রান্তে উপচে পড়ল ভিড়।

নির্বাচন কমিশনের নির্দেশে বন্ধ থাকা দোকানগুলি শুক্রবার খুলতেই সুরাপ্রেমীদের ঢল নামে।

কাঁকসা ও সিটি সেন্টার এলাকায় সকাল থেকেই দেখা যায় দীর্ঘ লাইন। কারও হাতে থলি, কারও পিঠে ব্যাগ -মদ কিনতে ভিড় করেন বহু মানুষ। একই ছবি ধরা পড়ে কাঁকসার মুচিপাড়া এলাকাতেও। তীব্র গরম উপেক্ষা করেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ক্রেতাদের।

গত ১৯ এপ্রিল থেকে নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ রাখা হয়েছিল। ফলে বহু ক্রেতাই অপেক্ষায় ছিলেন দোকান খোলার দিনের। নিষেধাজ্ঞা উঠতেই সেই অপেক্ষার অবসান ঘটেছে।

মদের দোকানের কর্মী উত্তম সাঁতরা জানান, "দোকান খোলার নির্দেশিকা এসেছে। তবে কোনও সমস্যা হলে আবার বন্ধ করার কথাও বলা হয়েছে। সকাল থেকেই ভিড় যথেষ্ট।"

পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন, যাতে কোথাও কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়।