চন্দ্রনাথ রথ খুনে ব্যবহৃত বাইকের নম্বর ঘিরে রহস্য, বার্নপুরের ঠিকানায় মিলল না মালিক
চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ব্যবহৃত মোটরবাইকের সূত্র ধরে তদন্তে নেমে নতুন রহস্যের মুখে পুলিশ। তদন্তে উঠে এসেছে, আততায়ীদের ব্যবহৃত বলে সন্দেহ করা বাইকের রেজিস্ট্রেশন নম্বর WB44D1990। সরকারি নথি অনুযায়ী, বাইকটির রেজিস্ট্রেশন আসানসোল দক্ষিণের বার্নপুর এলাকার এক ব্যক্তির নামে রয়েছে।
তথ্য অনুযায়ী, বাইকটির মালিক হিসেবে নাম রয়েছে বিভাষ কুমার ভট্টাচার্য। রেজিস্ট্রেশন হয়েছে পশ্চিম বর্ধমান আরটিও-তে ২০১২ সালের ৪ মে এবং তার বৈধতা রয়েছে ২০২৭সালের ২ মে পর্যন্ত। নথিতে উল্লেখ থাকা ঠিকানা বার্নপুরের গুরুদ্বারা রোডের এবি 7/12 নম্বর কোয়ার্টার।
কিন্তু বৃহস্পতিবার পুলিশ ও তদন্তকারীরা ওই ঠিকানায় পৌঁছে দেখেন, সেখানে বিভাষ ভট্টাচার্য নামে কেউ থাকেন না। বর্তমানে ওই কোয়ার্টারে বসবাস করছেন ইস্কো কারখানার কর্মী ধরমবীর কুমার। তিনি জানান, ২০১৪ সাল থেকে তিনি সেখানে রয়েছেন এবং বিভাষ ভট্টাচার্য নামে কাউকে তিনি চেনেন না।
শুধু তাই নয়, আততায়ীদের ব্যবহৃত বলে যে বাইকের তথ্য সামনে এসেছে, সেই বাইকটিও ওই ঠিকানায় পাওয়া যায়নি। বরং ধরমবীর কুমারের নিজের মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর সম্পূর্ণ আলাদা বলে জানা গিয়েছে।
ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারাও। গুরুদ্বারা রোডের এবি টাইপ কোয়ার্টারের একাংশের প্রাথমিক অনুমান, খুনে ব্যবহৃত বাইকের নম্বরটি ভুয়ো বা ফেক নম্বরপ্লেট হতে পারে।
পুলিশ এখন খতিয়ে দেখছে, বাইকের রেজিস্ট্রেশন নম্বর জাল করা হয়েছে কি না এবং এর পিছনে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না।