ডোমকলের শাহরিন সুলতানার সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ, মাধ্যমিকে রাজ্যে নবম

May 9, 2026 - 15:04
 12
ডোমকলের শাহরিন সুলতানার সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ, মাধ্যমিকে রাজ্যে নবম

ডোমকল-এর প্রত্যন্ত গ্রাম কল্যাণপুর থেকে উঠে এসে রাজ্যজুড়ে নজির গড়ল শাহরিন সুলতানা। মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ ৭০০-র মধ্যে ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে বসন্তপুর মডেল স্কুল-এর এই কৃতী ছাত্রী। তার এই সাফল্যে খুশির জোয়ার গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে।

শাহরিনের পড়াশোনার হাতেখড়ি হয় কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়-এ। পরে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয় বসন্তপুর মডেল স্কুলে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল সে।

শাহরিনের মা ইস্মেতারা খাতুন জানান, সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে মানুষ করতে তাঁকে বহু লড়াই করতে হয়েছে। সেই সংগ্রামের ফলই আজকের এই সাফল্য।

শুধু পরিবার নয়, শাহরিনের এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও প্রধান শিক্ষকও। পড়াশোনাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। অবসর পেলেই বই নিয়ে বসে পড়ত সে। খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ না থাকলেও বিশ্বকাপ ফুটবল ও ক্রিকেট দেখতে ভালোবাসত। পাশাপাশি মাঝেমধ্যে কবিতা আবৃত্তিও করত। তার প্রিয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম।

এই সাফল্যের পিছনে ছিল কঠোর পরিশ্রম। প্রতিটি বিষয়ের জন্য আলাদা টিউশন পড়ত শাহরিন। মোট ১০টি টিউশন করত সে। মা পেশায় শিক্ষিকা হওয়ায় অনেক সময় মেয়ের জন্য টিফিন নিয়ে যেতে পারতেন না। তখন স্কুলের প্রধান শিক্ষক নিজের টিফিন ভাগ করে দিতেন বলেও জানিয়েছেন শাহরিনের মা।

ফল প্রকাশের সময় গোটা পরিবার টিভির সামনে বসেছিল। নিজের নাম রাজ্যের মেধাতালিকায় দেখতে পেয়েই আবেগে ভেঙে পড়ে শাহরিন ও তার পরিবারের সদস্যরা।