বৌভাতের পথে কন্যাযাত্রীদের গাড়িতে হামলা, রড-বাঁশে ভাঙচুর-আহত ৫, চাঞ্চল্য বানারহাটে

May 3, 2026 - 13:26
 13
বৌভাতের পথে কন্যাযাত্রীদের গাড়িতে হামলা, রড-বাঁশে ভাঙচুর-আহত ৫, চাঞ্চল্য বানারহাটে

জলপাইগুড়ি: বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে কন্যাযাত্রীদের গাড়িতে দুষ্কৃতীদের হামলায় উত্তেজনা ছড়াল বানারহাট থানার দূরামারি এলাকার চানারিপাড়া গ্রামে। ঘটনায় অন্তত তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, আহত হয়েছেন পাঁচজন যাত্রী।

সূত্রের খবর, খগেনহাট এলাকা থেকে প্রায় ৩০-৩৫ জন কন্যাযাত্রী পাঁচটি ছোট গাড়িতে করে একটি রিসেপশনে যাচ্ছিলেন। জঙ্গল এলাকা পেরিয়ে চানারিপাড়ার নোনাই ব্রিজের কাছে পৌঁছতেই আচমকা হামলা চালানো হয় বলে অভিযোগ।

দুষ্কৃতীরা লোহার রড, বাঁশ ও পাথর নিয়ে গাড়িগুলিতে ব্যাপক ভাঙচুর চালায়। আকস্মিক এই হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জখম হন কয়েকজন যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে আটক করা হয়েছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়-ছিনতাই নাকি পূর্বশত্রুতা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম সাহা।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ সময়মতো পৌঁছয়নি। তাঁদের দাবি, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত এবং বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও ছিল।

ঘটনার পর থেকেই গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।