পঁচিশে বৈশাখে ব্রিগেডমুখী দুর্গাপুর, শপথ গ্রহণ ঘিরে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

May 10, 2026 - 14:51
 12
পঁচিশে বৈশাখে ব্রিগেডমুখী দুর্গাপুর, শপথ গ্রহণ ঘিরে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

দুর্গাপুর:

পঁচিশে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনেই বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনার আবহ। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ চোখে পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরে।

দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক ট্রেন ও বাসে করে কলকাতার উদ্দেশে রওনা দেন। সকাল থেকেই দুর্গাপুর স্টেশন চত্বরে ছিল উপচে পড়া ভিড়। কারও হাতে দলীয় পতাকা, কেউ আবার স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা। মহিলা ও পুরুষ কর্মীদের উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। অনেকেই দিনটিকে "ঐতিহাসিক মুহূর্ত" বলেও উল্লেখ করেন।

কর্মী-সমর্থকদের একাংশের দাবি, বাংলায় প্রথমবার বিজেপি সরকার গঠনের সাক্ষী থাকতে পারাটা তাঁদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। সেই কারণেই সকাল থেকেই ব্রিগেডমুখী মানুষের ঢল নামে দুর্গাপুরে। ট্রেনের একাধিক কামরায় দেখা যায় বিজেপি সমর্থকদের ভিড়। গান, স্লোগান ও আবেগে ভরপুর পরিবেশে যাত্রাপথও যেন উৎসবে পরিণত হয়।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতার। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ব্রিগেড চত্বরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

রাজনৈতিক মহলের মতে, পঁচিশে বৈশাখের মতো সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ দিনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বাংলার রাজনীতিতে বিশেষ বার্তা বহন করছে।