সামশেরগঞ্জে পুলিশের জোড়া সাফল্য: জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৭, জাল

May 10, 2026 - 13:21
 10
সামশেরগঞ্জে পুলিশের জোড়া সাফল্য: জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৭, জাল

সামশেরগঞ্জ:

সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গভীর রাতে পৃথক দুটি অভিযানে জুয়ার আসর ভেঙে সাতজনকে গ্রেপ্তার করার পাশাপাশি বিপুল পরিমাণ জাল নোটসহ এক ব্যক্তিকে হাতে-নাতে পাকড়াও করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চাঁদনিদোহা এলাকার একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। সেখানে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ইতাব আলী, নেফাউর শেখ, খালেক শেখ, তরিকুল শেখ, জাহাঙ্গীর শেখ, সামাউল শেখ ও বাপন সরকার।

তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে।

অন্যদিকে, সামশেরগঞ্জের কলাবাগান ঘাট এলাকায় পাচারের আগেই উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। একটি স্কুল ব্যাগে করে জাল নোট নিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হওয়ায় এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে মোট ৫১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।

ধৃতের নাম মন্টু শেখ (৩৭)। সে লালগোলা থানার লালদহরি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

রবিবার কড়া নিরাপত্তার মধ্যে ধৃত আটজনকে সামশেরগঞ্জ থানা থেকে পুলিশ ভ্যানে করে আদালতে পাঠানো হয়।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কাজ রুখতে পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে সামশেরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের এই তৎপর ভূমিকায় সাধারণ মানুষের মধ্যেও প্রশংসার সুর শোনা গিয়েছে।