শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ ঘিরে উচ্ছ্বাসে মাতল পুরাতন মালদা

May 10, 2026 - 14:48
 11
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ ঘিরে উচ্ছ্বাসে মাতল পুরাতন মালদা

পুরাতন মালদা:

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উৎসবের আবহ তৈরি হল পুরাতন মালদায়। শনিবার সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা।

সকাল প্রায় এগারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি ধানহাট পালপাড়া এলাকায় বড় টিভি স্ক্রিনের মাধ্যমে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে এলাকায় ভিড় জমায় বহু বিজেপি কর্মী ও সমর্থক।

এদিন অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী এবং ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতেই উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। শপথ বাক্য পাঠের মুহূর্তে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংগঠনিক সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, যুব নেতা সোমনাথ প্রসাদ, বিজেপি নেত্রী জয়ন্তী মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। অনেকেই দিনটিকে "ঐতিহাসিক মুহূর্ত" বলে উল্লেখ করেন।

পাশাপাশি ঝালমুড়ি ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নেন কর্মী-সমর্থকেরা। গোটা অনুষ্ঠান ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।