মাত্র ৩ নম্বরের আক্ষেপ, রাজ্যের মেধাতালিকায় স্থান পেল না বীরভূমের অরূপ দাস
বীরভূম:
মাত্র ৩ নম্বরের জন্য রাজ্যের মেধাতালিকায় স্থান অধরা থেকে গেল বীরভূমের দুবরাজপুর ব্লকের তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের ছাত্র অরূপ দাসের। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৫ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছে সে। তবুও জীবনের প্রথম বড় পরীক্ষায় অল্পের জন্য মেধাতালিকায় নাম না ওঠায় খানিকটা আক্ষেপ থেকেই গিয়েছে ছাত্র ও তার পরিবারের।
অরূপের বাড়ি তাঁতীপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়রাডিহি গ্রামে। তার বাবা দেবী প্রসাদ দাস পেশায় ব্যবসায়ী এবং মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে পরিচিত অরূপ।
পরিবারের সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও আশা করেছিলেন, এবছর হয়তো অরূপ রাজ্যের মেধাতালিকায় স্থান করে নিয়ে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। কারণ গত বছরও এই বিদ্যালয়ের ছাত্র প্রদ্যুৎ দে মাত্র ১ নম্বরের জন্য মেধাতালিকায় জায়গা করতে পারেনি। ফলে এবছর সেই অপূর্ণতা পূরণের আশা ছিল সকলের।
যদিও সেই স্বপ্ন পূরণ হলো না, তবুও অরূপের এই অসাধারণ ফলাফলে গর্বিত পরিবার, বিদ্যালয় এবং গোটা এলাকা। শিক্ষক-শিক্ষিকাদের মতে, অরূপ ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল করবে।