বিকাশ বসুর মৃত্যুদিনে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি, কান্নায় ভেঙে পড়লেন বিধায়ক মঞ্জু বসু
কলকাতা: তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ বসুর মৃত্যুদিনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হল। শহীদ নেতার আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে এসে কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী তথা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু।
উল্লেখ্য, ২০০০ সালের এই দিনেই দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান বিকাশ বসু। প্রতি বছরের মতো এদিনও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মূর্তিতে মাল্যদান করা হয়।
মাল্যদান করতে এসে আবেগঘন কণ্ঠে মঞ্জু বসু বলেন, "২৬ বছর ধরে তাঁর স্মৃতিকে আগলে ধরে বেঁচে আছি। উদ্দেশ্যহীনভাবে যারা ভালোবাসেন, তারাই আজ এখানে এসেছেন। এরাই আমার চলার পথের সাথী।"
তিনি আরও জানান, "খুনিদের এখনও চিহ্নিত করা যায়নি। আর আমি এখন দলের কেউ নই, তাই কাউকে আমন্ত্রণও জানাইনি। কে আসবেন, তা সম্পূর্ণ তাঁদের নিজস্ব বিষয়।”
এই দিনটি ঘিরে বিকাশ বসুর অনুগামী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁর আত্মত্যাগ ও স্মৃতিকে শ্রদ্ধা জানাতে অনেকেই উপস্থিত ছিলেন।