রানীগঞ্জে দুঃসাহসিক ছিনতাই, ব্যাংক আধিকারিকের গলা থেকে প্রায় ৮ লক্ষ টাকার সোনার হার উধাও
রানীগঞ্জে দুঃসাহসিক ছিনতাই, ব্যাংক আধিকারিকের গলা থেকে প্রায় ৮ লক্ষ টাকার সোনার হার উধাও
রানীগঞ্জ: দিনের আলোয়, শহরের ব্যস্ত এলাকার মধ্যেই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খনি শহর রানীগঞ্জে। জাতীয় সড়ক সংলগ্ন একটি গলিতে স্কুটিতে করে যাওয়ার সময় এক ব্যাংক আধিকারিকের গলা থেকে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৫২ গ্রাম ওজনের সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি গুলশন কুমার অরোরা, একটি বেসরকারি ব্যাংকের আধিকারিক। অন্যান্য দিনের মতো শনিবারও বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় একটি দ্রুতগতির মোটরবাইকে দুই যুবক তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় বাইকের পিছনে বসা ব্যক্তি আচমকা তাঁর গলায় থাকা সোনার হার টেনে ছিনিয়ে নেয়।
ঘটনাটি এত দ্রুত ঘটে যে প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি গুলশন কুমার অরোরা। দুষ্কৃতীদের ধাওয়া করার চেষ্টা করলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজে দেখা গিয়েছে, একটি মোটরবাইকে দুই যুবক দ্রুতগতিতে রানীগঞ্জের দিক থেকে পাঞ্জাবি মোড়ের দিকে চলে যাচ্ছে। তাদের মধ্যে একজন হেলমেট এবং অপরজন মুখে মাস্ক পরা ছিল।
অভিযোগকারীর দাবি, ওই মোটরবাইকে থাকা যুবকরাই তাঁর গলার সোনার হার ছিনিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় নাকা চেকিং শুরু হয়েছে।
এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দিনের বেলায় জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে।