ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন ককরোচ প্রধান অভিজিৎ

Jul 21, 2026 - 14:15
 5
ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন ককরোচ প্রধান অভিজিৎ

সোনম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। এ ছাড়া, দিল্লির যন্তর মন্তরে অনশনরত আরও তিন পড়ুয়া উপবাসে ইতি টেনেছেন সোমবার। বিরোধী সাংসদদের অনুরোধে এবং আশ্বাসে তাঁরা অনশন থামানোর সিদ্ধান্ত নিয়েছেন।সোমবার সিজেপি-র ডাকে সংসদ ভবন অভিযানে যোগ দিতে দিল্লিতে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়েছে। পুলিশ প্রথম থেকেই প্রস্তুত ছিল। সংসদের উদ্দেশে মিছিল পা বাড়াতেই তা দমনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। জমায়েতে লাঠিচার্জও করেছে পুলিশ। এই পরিস্থিতিতে ককরোচ প্রধান নিজে অনশন ভাঙার কথা ঘোষণা করলেন। গত শনিবার যন্তর মন্তরের সামনে থেকে অনশনরত সোনমকে তুলে নিয়ে গিয়েছিল সাদা পোশাকের পুলিশ। তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে রাখা হয়েছে। সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর দাবি, নুনজল ছাড়া তাঁর স্বামী আর কিছু খাচ্ছেন না।সোনমের সঙ্গেই গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশনে বসেছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স’ অ্যাসোসিয়েশনের (আইসা) তিন সদস্য— নেহা বোরা, মণীশ কুমার এবং আমীন অমিতোজ। রবিবার তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী শাবানা আজ়মি। এ ছাড়া, আরজেডি-র রাজ্যসভার সাংসদ মনোজ ঝা, লিবারেশনের সাংসদ রাজারাম সিংহ, রাজস্থানের সাংসদ আমরা রাম দেখা করেছিলেন অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে। অনশন ভাঙার অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। তাঁদের দাবি সংসদের আলোচনায় তোলা হবে, আশ্বাস দেন বিরোধী নেতৃত্ব। তার পরেই সোমবার নেহা-সহ তিন জন অনশন থামানোর সিদ্ধান্ত নেন।আইসা-র দাবি, অনশনপর্বে ১২ কেজি করে ওজন কমেছে তিন ছাত্রনেতারই। এ ছাড়া, তাঁদের রক্তে শর্করার মাত্রা বিপজ্জনক ভাবে কমে গিয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার বাদল অধিবেশন। গোটা মাস জুড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ জারি থাকবে, জানিয়েছে আইসা।