নিরাপত্তা বাহিনীর কনভয়ে আইইডি বিস্ফোরণ, খাইবার পাখতুনখোয়ায় জোড়া হামলায় হত ৩

Jul 14, 2026 - 15:02
 9
নিরাপত্তা বাহিনীর কনভয়ে আইইডি বিস্ফোরণ, খাইবার পাখতুনখোয়ায় জোড়া হামলায় হত ৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তাবাহিনীর ধারাবাহিক জঙ্গিদমন অভিযানের মধ্যেই ফের প্রত্যাঘাত করল তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি)। সোমবার আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাশতুন বিদ্রোহী বাহিনীর দু’টি হামলায় এক সাব-ইনস্পেক্টর-সহ তিন পুলিশকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও তিন জন।পুলিশ বিবৃতিতে বলা হয়েছে, প্রথম ঘটনাটি চিত্রল জেলার মাশা জান বাংলো এলাকায়। ট্যাঙ্ক-ওয়াজিরিস্তান সড়কের একটি পুলিশ কনভয়েক সাঁজোয়া গাড়িতে ‘ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) বিস্ফোরণ ঘটানো হলে এক জন সাব-ইনস্পেক্টর-সহ দুই পুলিশকর্মী নিহত এবং আরও তিন জন গুরুতর আহত হন। দ্বিতীয় ঘটনাটি নওশেরা জেলার। সেখানকার খেশকি রোডে এক পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুই এলাকাতেই ঘটনার পরে এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং আধাসেনা বাহিনী ফ্রন্টিয়ার কোর। খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়জ়ল করিম কুন্দি এবং মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি হামলার পরেই পৃথক বিবৃতিতে ‘ফিতনা আল-খাওয়ারিজ়’ (টিটিপি জঙ্গিদের এই নামেই চিহ্নিত করে পাক সেনা এবং প্রশাসন) জোড়া হামলার জন্য দায়ী করেন। পরে টিটিপির তরফেও হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়।