মেসিকে মাটিতে মিশিয়ে দেব, ইংল্যান্ডই ফাইনাল খেলবে! আর্জেন্টিনাকে হঁশিয়ারি ইংরেজ ফুটবলারের
একের পর এক প্রাক্তন ফুটবলার আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিচ্ছেন। মাঠে নামার আগে প্রতিপক্ষকে চাপে রাখার খেলা শুরু করে দিয়েছে ইংরেজরা। সেই তালিকায় নতুন সংযোজন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জো কোল। তাঁর মতে, সেমিফাইনালে লিয়োনেল মেসিকে মাটিতে মিশিয়ে দেবে ইংল্যান্ড।‘দ্য রেস্ট ইজ় ফুটবল’ নামের এক পডকাস্টে নিজের কথা বলেছেন কোল। তিনি বলেন, “সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমরা ওকে মাটিতে মিশিয়ে দেব।” কোলের কথার সঙ্গে একমত হননি ইংল্যান্ডের আরও এক প্রাক্তন ফুটবলার মিকা রিচার্ডস। তিনি বলেন, “তুমি এ রকম কথা বলতে পার না।” জবাবে কোল বলেন, “১০০ বার পারি।” কেন তিনি এ কথা বলেছেন, সেই ব্যাখ্যাও দেন কোল। ইংল্যান্ডের প্রাক্তন উইঙ্গার বলেন, “এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল খেলবে। আমাদের যা গতি আছে তার মোকাবিলা আর্জেন্টিনা করতে পারবে না। ওরা পিছিয়ে থাকবে। দাঁড়াতে পারবে না। আমি এখন থেকেই সেটা বুঝতে পারছি।” আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপার ওয়েন রুনি। তাঁর মতে, মেসি দলের দুর্বলতা হয়ে উঠতে পারেন। মেসির জন্য আর্জেন্টিনার রক্ষণ সমস্যায় পড়তে পারে। কারণ, নীচে নেমে রক্ষণে সাহায্য করেন না তিনি। রুনি বলেন, “ও রক্ষণের ক্ষেত্রে আর্জেন্টিনার দুর্বলতা হতে পারে। ও রক্ষণকে সাহায্য করতে নীচে নামে না। বিশ্বকাপের সেমিফাইনালে এক জন শুধু আক্রমণে থাকলে হবে না। প্রয়োজনে তাকে নীচেও নামতে হবে। জুড বেলিংহ্যাম বা হ্যারি কেন যে কাজটা করে। কিন্তু মেসি করে না। একে রক্ষণে লোক কমতে পারে। তাতে হারতেও পারে আর্জেন্টিনা।” তবে আক্রমণে মেসিকে চোখে চোখে না রাখলে ইংল্যান্ড বিপদে পড়তে পারে বলে মনে করছেন রুনি। তিনি বলেন, “সামান্য সুযোগ থেকেও গোল করার ক্ষমতা মেসির আছে। ঠিক যেমনটা এ বার বেলিংহ্যাম করছে। গুরুত্বপূর্ণ সময়ে ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মেসিকে মার্ক করতে হলে মনোযোগ ও ডিফেন্ডারদের মধ্যে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। নইলে ও রক্ষণকে বোকা বানিয়ে বেরিয়ে যাবে। ইংল্যান্ডের এই বিষয়ে সতর্ক থাকতে হবে।"