ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত ২৭ জনের মৃত্যু

Jul 14, 2026 - 15:13
 8
ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত ২৭ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৩ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। অগ্নিকাণ্ডের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।জানা গিয়েছে, রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে উত্তর ব্যাংককের না লাডপ্রাও নামের এক পাবে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। ৩০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় আগুন। যদিও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। পাবের মধ্য থেকে উদ্ধার করা হয় ২৭ জনের মৃতদেহ। পাশাপাশি ৬৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিট্টিপুন্ট দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আগুন অতি দ্রুত সিলিং পর্যন্ত ছড়িয়ে পড়ে। এত দ্রুত আগুন ভয়াবহ আকার ধারন করে যে বেশিরভাগ মানুষ বের হওয়ার সুযোগই পাননি। ধোঁয়ায় ভয়ে যায় গোটা অঞ্চল। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে।’ ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে পাব। প্রাণে বাঁচতে সেখান থেকে ছুটে বেরিয়ে আসছেন মানুষজন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, “পাবে থাকা বেশিরভাগই সময়ে বের হতে পারেননি। যার জেরেই এত মানুষের মৃত্যু হয়েছে। ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে বেশিরভাগই ভবনটির পেছনে গিয়ে শৌচাগারে লুকানোর চেষ্টা করেছিল এবং সেখানেই আমরা বেশিরভাগ মৃতদেহ খুঁজে পেয়েছি।” প্রাথমিক তদন্তে জানা গেছে যে, পাবটিতে দুটি জরুরি নির্গমন পথ ছিল, যার মধ্যে একটি রান্নাঘরের পাশ দিয়ে গিয়েছে। এই নির্গমন পথগুলির যথেষ্ট নিরাপদ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাবটির সরকারি অনুমতিও খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে।