ফের অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা সিটের! জিজ্ঞাসাবাদ করা হবে ট্রাস্টের কর্তাদের

Jul 14, 2026 - 15:05
 3
ফের অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা সিটের! জিজ্ঞাসাবাদ করা হবে ট্রাস্টের কর্তাদের

রামমন্দিরে প্রণামী চুরির অভিযোগ খতিয়ে দেখতে শীঘ্রই ফের অযোধ্যায় যেতে পারে বিশেষ তদন্তকারী দল (সিট)। মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্যদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। আধিকারিক সূত্রে এক সংবাদ সংস্থা জানাচ্ছে, নথিপত্র খতিয়ে দেখার জন্যই অযোধ্যায় যাবেন তদন্তকারীরা। রামমন্দিরে প্রণামীর টাকা এবং অন্য মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ ওঠার পরই গত ১৩ জুন এই সিট গঠন করে উত্তরপ্রদেশ সরকার। সিটের নেতৃত্বে রয়েছেন লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থ। গত ২৩ জুন সিট তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেয় উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় প্রসাদের হাতে। তবে চূড়ান্ত রিপোর্ট এখনও জমা পড়েনি। গত ১ জুলাই উত্তরপ্রদেশ সরকার সিটের তদন্ত শেষ করার জন্য সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধির কথা ঘোষণা করে।প্রণামী চুরির অভিযোগ উঠে আসার পরে প্রণামীর অর্থ জমা রাখার বর্তমান ব্যাঙ্কিং ব্যবস্থায় কী পরিবর্তন করা যায়, তা-ও বিবেচনা করে দেখছেন ট্রাস্টের সদস্যেরা। বর্তমানে প্রণামীর গোটা অর্থ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় জমা হয়। এখন একাধিক ব্যাঙ্কে সেই টাকা জমা রাখা প্রয়োজন কি না, তা নিয়ে আলোচনা চলছে ট্রাস্টের অন্দরে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গত সপ্তাহেই ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দদেব গিরির সঙ্গে অযোধ্যার এক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি।সূত্রের খবর, প্রণামীর টাকা গোনার সময়ে প্রয়োজনীয় নিয়মবিধি বারবার ভাঙার অভিযোগ উঠে এসেছে সিটের প্রাথমিক রিপোর্টে। সে ক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকিতে কোনও গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, পুলিশও এখনও পর্যন্ত অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা নগদ এবং কিছু গয়না উদ্ধার করেছে। অভিযুক্তদের সম্পত্তি তাঁদের আয়ের উৎসের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁদের ব্যাঙ্কের নথি, জমির রেকর্ড-সহ বিভিন্ন তথ্যও মিলিয়ে দেখা হচ্ছে।