‘ডেভিডের জন্যই হুমায়ুন দল ছেড়েছিলেন’, বেলডাঙার সভা থেকে বিস্ফোরক কল্যাণ; পাল্টা কটাক্ষ

Jul 13, 2026 - 12:24
 8
‘ডেভিডের জন্যই হুমায়ুন দল ছেড়েছিলেন’, বেলডাঙার সভা থেকে বিস্ফোরক কল্যাণ; পাল্টা কটাক্ষ

স্টাফ রিপোর্ট ার ঃ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়া অপূর্ব (ডেভিড) সরকারকে তীব্র আক্রমণ করলেন কালীঘাট তৃণমূলের অন্যতম নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের বেলডাঙার সভায় তিনি দাবি করেন, ডেভিডের কারণেই হুমায়ুন কবীর তৃণমূল ছেড়েছিলেন এবং তাঁর জন্যই মুর্শিদাবাদে দলের সংগঠন দুর্বল হয়ে পড়ে। সভায় কল্যাণ বলেন, “মুর্শিদাবাদের সংগঠন একাই নষ্ট করে দিয়ে চলে গিয়েছে ডেভিড। হুমায়ুন কবীর ওর জন্যই দল ছেড়েছিল।” তিনি আরও দাবি করেন, প্রাক্তন সাংসদ ইউসুফ পাঠানও ডেভিডের আচরণ নিয়ে তাঁর কাছে অভিযোগ করতেন। অপূর্ব-সহ যাঁরা ঋতব্রত শিবির বা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের ‘বেইমান’ ও ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেন তিনি।

কল্যাণের অভিযোগ, হুমায়ুন বারবার ডেভিডের বিরুদ্ধে দলের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তখন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ সময় আসতেই এরা গদ্দারি শুরু করেছে। মুর্শিদাবাদের প্রকৃত তৃণমূল কর্মীরা এদের কোনও জায়গা দেবে না।” কল্যাণের এই বক্তব্যের জবাবে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর কটাক্ষ করে বলেন, “আমি দীর্ঘ তিন বছর ধরে দলের শীর্ষ নেতৃত্বকে বলে গিয়েছি কারা দুর্নীতিগ্রস্ত এবং দলের ক্ষতি করছে। এখন বুঝতে অনেক দেরি হয়ে গেছে।” তবে তিনি স্পষ্ট করেন, তৃণমূল এখন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ এবং এই ইস্যুতে তিনি আর বেশি মন্তব্য করতে চান না। উল্লেখ্য, তৃণমূলে থাকাকালীন হুমায়ুন কবীর ও অপূর্ব সরকারের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। বর্তমানে অপূর্ব সরকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়ে মুর্শিদাবাদ জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন। তাঁর প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।