‘যে কমিটিতেই থাকুন, নির্মল ঘোষ গ্রেপ্তার হবেন’, কড়া বার্তা মন্ত্রী অর্জুন সিংয়ের
স্টাফ রিপোর্ট ার ঃ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ঘিরে জল্পনার মধ্যেই কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। রবিবার তিনি স্পষ্ট বলেন, “উনি যার সঙ্গেই থাকুন, যে কমিটিতেই থাকুন না কেন, গ্রেপ্তার হবেন। আইন আইনের পথে চলবে, পুলিশ পুলিশের কাজ করবে।”
শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের বৈঠকে আচমকাই উপস্থিত হয়েছিলেন নির্মল ঘোষ। তাঁর উপস্থিতিতে ওই শিবিরের নেতাদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। পরে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নির্মলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। কিছুক্ষণ পর তিনি এলাকা ছেড়ে চলে যান। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আর জি কর মামলার তদন্তে নির্মল ঘোষের নামও আলোচনায় এসেছে। অভিযোগ, নির্যাতিতা চিকিৎসকের মৃতদেহ দ্রুত দাহ করার ঘটনায় তাঁর ভূমিকা ছিল। পাশাপাশি নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের খুঁজছে বলে জানা গিয়েছে। অভিযোগ দায়েরের পর থেকেই বাবা-ছেলে প্রকাশ্যে নেই।
এই পরিস্থিতিতে শনিবার জনসমক্ষে দেখা গেলেও এরপর থেকে ফের নির্মলের খোঁজ মেলেনি। তিনি গ্রেপ্তারির আশঙ্কায় আত্মগোপন করেছেন বলেই মনে করা হচ্ছে। এই আবহেই অর্জুন সিংয়ের মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে তাৎপর্য তৈরি করেছে। তাঁর বক্তব্য, রাজনৈতিক পরিচয় বা কোনও শিবিরে যোগ দিলেই আইনি প্রক্রিয়া থেকে রেহাই মিলবে না।