চেন্নাইয়ের কোচের পদ ছাড়লেন ফ্লেমিং

Jul 14, 2026 - 14:57
 7
চেন্নাইয়ের কোচের পদ ছাড়লেন ফ্লেমিং

চেন্নাই সুপার কিংসের কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং। ২০০৯ সালে মহেন্দ্র সিংহ ধোনিদের কোচ হয়েছিলেন তিনি। ২০২৬ সাল পর্যন্ত সামলেছেন সেই দায়িত্ব। ১৮ বছরের সেই সম্পর্কে ইতি টানলেন তিনি।ফ্লেমিংয়ের চেন্নাই ছাড়ার কথা সরকারী ভাবে ঘোষণা করেছে দল। সমাজমাধ্যমে তারা লিখেছে, “চেন্নাই সুপার কিংস ও প্রধান কোচ ফ্লেমিং যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। একসঙ্গে আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল তৈরি করেছিলাম আমরা। যে উত্তরাধিকার আপনি তৈরি করেছেন, তা আমরা এগিয়ে নিয়ে যাব। চেন্নাইকে আইপিএলের সফলতম দল তৈরি করার জন্য ধন্যবাদ।” ২০০৮ সালে চেন্নাইয়ের হয়ে খেলার পর ২০০৯ সাল থেকেই সেই দলের কোচের পদ সামলেছেন ফ্লেমিং। মাঝে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নির্বাসিত থাকাকালীন রাইজ়িং পুণে সুপারজায়ান্টসের কোচ ছিলেন তিনি। সেই দলে ধোনি-সহ চেন্নাইয়ের বেশ কয়েক জন ক্রিকেটার খেলতেন।ফ্লেমিংয়ের কোচিংয়ে ১১টি ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস। তার মধ্যে ১০টি আইপিএলে। একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মোট ছ’টি ট্রফি জিতিয়েছেন ফ্লেমিং। পাঁচটি আইপিএলের পাশাপাশি একটি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতেন ধোনিরা। তাঁর ঠান্ডা মাথার প্রশংসা করেছেন সকলে। ধোনির সঙ্গে তাঁর জুটি চেন্নাইকে এই সাফল্য এনে দিয়েছে।