'পেনাল্টির জন্য ৫ মিনিট অপেক্ষা’, এমবাপের পাশে দাঁড়িয়ে সরব হালান্ড
‘ভার’ নিয়ে এবার সরব আর্লিং হালান্ড। মরক্কোর বিরুদ্ধে কিলিয়ান এমবাপের পেনাল্টি নষ্টের জন্য ‘ভার’কেই দুষলেন নরওয়ের স্ট্রাইকার। ফরাসি তারকার পাশে দাঁড়িয়েছেন তিনি।গোল, ফাউল, অফসাইড— সব ক্ষেত্রেই ‘ভার’-এর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ফিফা নানা ব্যাখ্যা দিলেও বিতর্ক থামছে না। ফুটবলপ্রেমীদের একাংশ রসিকতা করে বলতে শুরু করেছেন ‘ভার’ আসলে বিশ্বকাপের ‘ভাঁড়’। এ বার মুখ খুলেছেন হালান্ড। কোয়ার্টার ফাইনালে এমবাপের পেনাল্টি নষ্ট নিয়ে সমাজমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন। দায়ী করেছেন ‘ভার’কেই।মরক্কোর বিরুদ্ধে ২৫ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল ফ্রান্স। সেই পেনাল্টির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় লাগে ৩ মিনিট ১০ সেকেন্ড। ‘ভার’-এর রেফারিদের রিপ্লে দেখা যেন শেষই হচ্ছিল না। সম্ভবত এত বেশি সময় লাগার জন্যই মনোযোগে ব্যাঘাত ঘটেছিল এমবাপের। ঠিক মতো শট মারতে পারেননি। এই সময় নষ্ট নিয়েই সরব হয়েছেন হালান্ড।সমাজমাধ্যমের স্টোরিতে ফ্রান্স-মরক্কো ম্যাচের একটি মুহূর্তে এমবাপের ছবি দিয়ে হালান্ড লিখেছেন, ‘‘একটা পেনাল্টির জন্য ৫ মিনিট অপেক্ষা করাটা বেশ লম্বা।’’ অর্থাৎ তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, পেনাল্টি মারার আগে দীর্ঘ সময় অপেক্ষা করানোর যুক্তি নেই। এতে পারফরম্যান্সে প্রভাব পড়ে। এত সময় লাগাতেও তিনি বিস্মিত।