‘বিদেশে আমরা ভাল খেলতে পারছি না’, ব্যর্থতা স্বীকার গম্ভীরের সহকারীর
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ০-৩ ব্যবধানে পিছিয়ে ভারত। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে শ্রেয়স আয়ারদের মান বাঁচানোর লড়াই।দলের পারফরম্যান্স যে প্রত্যাশা পূরণ করতে পারছে না, তা শুক্রবার মেনে নিলেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখতে।দুশখতে বলেন, আমরা ভাল খেলতে পারছি না। এটা না মেনে নেওয়ার কোনও কারণ নেই। তিনি বলেন, ‘‘আমরা মানিয়ে নেওয়া সংক্রান্ত অনেক কথা বলি। আসলে মানিয়ে নেব বলাটা খুব সহজ। কিন্তু আসল হচ্ছে, কিসের সঙ্গে মানিয়ে নিতে হবে, সেটা বোঝা। কোন পদ্ধতিতে মানিয়ে নিতে হবে সেটা জানা।’’ খারাপ পারফরম্যান্সের সাফাই দিতে চাননি গৌতম গম্ভীরের অন্যতম সহকারী। দুশখতে বলেছেন, ‘‘ক্রিকেটারদের পক্ষ নিয়ে কথা বলতে চাই না। বাড়াবাড়ি করতে চাই না। বাস্তব মেনে নেওয়ার মানসিকতা প্রয়োজন খেলোয়াড়দের। আমরা যে ভাল করতে পারছি না, এটা পরিষ্কার। ওদের সামনে যথেষ্ট উদাহরণ রয়েছে।’’ ২০১৯ সালের পর এই প্রথম ভারত পর পর দু’টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ় হারল। শেষ বার নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে পর পর হেরেছিল। তা ছাড়া এই প্রথম কোনও সিরিজ়ে ইংল্যান্ডের কাছে দু’টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ হারতে হল ভারতকে। এ নিয়ে দুশখতে বলেছেন, ‘‘আমরা বিদেশে ভাল করতে পারছি না। এই বিষয়টা মনস্তাত্ত্বিক ভাবে এবং মানসিক ভাবে মেনে নেওয়াই এখন দলের কাছে চ্যালেঞ্জ। আমরা নিশ্চই এমন দল হতে চাইব না, যারা ভারতে দুর্দান্ত খেলে। ইডেন গার্ডেন্সে ৮০ মিটারের ছক্কা মারে। নাকি আমরা সাউদম্পটন বা ম্যাঞ্চেস্টারেও ভাল করতে চাই। যাতে পরে মেলবোর্নে গিয়েও ভাল কিছু করতে পারবে। আমরা কি ভিন্ন পরিস্থিতিতে সেরা হতে চাই? পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা কি আমাদের আছে? এটাই মানসিক চ্যালেঞ্জ এবং খেলোয়াড়দের এই দায়িত্বটা গ্রহণ করতে হবে।’’ দুশখতে বুঝিয়ে দিয়েছেন, এ ভাবে চললে অস্ট্রেলিয়া-নিউ জ়িল্যান্ডের মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল কিছুর আশা না করাই ভাল।অধিনায়ক শ্রেয়স আয়ারের পাশে দাঁড়িয়েছেন দুশখতে। তাঁর বক্তব্য, ‘‘শ্রেয়স দুর্দান্ত অধিনায়ক। আগামী বিশ্বকাপের আগে ওর হাতে দু’বছর সময় আছে। নিশ্চই গুছিয়ে নিতে পারবে। তবে এই দলের অনেকেই চার মাস আগে বিশ্বচ্যাম্পিয়ন দলে ছিল। সেই দলে কিন্তু শ্রেয়স ছিল না। বিশ্বজয়ী দলে থাকা খেলোয়াড়দের থেকে আরও ভাল কিছুই প্রত্যাশিত। ইংল্যান্ডের সঙ্গে ০-৩ ব্যবধানে পিছিয়ে থাকাটা কখনই সম্মানজনক পরিস্থিতি নয়।’’