ফুটবলের সেরা দেশগুলির তালিকায় ধরা হবে ইংল্যান্ডকেও, ব্রোঞ্জ জিতে আশা কোচের

Jul 20, 2026 - 13:19
 5
ফুটবলের সেরা দেশগুলির তালিকায় ধরা হবে ইংল্যান্ডকেও, ব্রোঞ্জ জিতে আশা কোচের

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রোঞ্জ পদক পেয়েছে ইংল্যান্ড।গোলবন্যার ম্যাচে জয়ের পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেল মনে করেন, ইংরেজদের এবার থেকে ফুটবলের সেরা দেশগুলির মধ্যে ধরা হবে। কারণ তাঁরা ফ্রান্সের মতো দলকে হারাতে পেরেছেন।ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেন বুকায়ো সাকা। এ ছাড়াও গোল করেন ডেক্লান রাইস, এজরি কোনসা এবং জুড বেলিংহ্যাম। ফ্রান্সের হয়ে জোড়া গোল কিলিয়ান এমবাপের। ম্যাচের পর টুখেল বলেন, “বড় দলের বিরুদ্ধে ব্যবধান ক্রমশ কমিয়ে এনেছি আমরা। আট বছর আগে ফ্রান্স চ্যাম্পিয়ন ছিল। চার বছর আগে ফাইনাল খেলেছে। এখনও ওদের সঙ্গে একটু ফারাক রয়েছে আমাদের। তবে সমস্যা নেই। সেটাও কমিয়ে আনব।” টুখেল জানিয়েছেন, ম্যাচের আগেই ছেলেদের বলে দিয়েছিলেন ম্যাচটা জিতে বিশ্বকে প্রমাণ করতে যে তাঁরাও বড় দল। জার্মান কোচের কথায়, “গত কাল ওদের বলেছিলাম, বড় দলের সঙ্গে ব্যবধান কমানোর প্রথম ধাপ হবে ম্যাচটা জেতা। সেটা আমরা পেরেছি। ওদের হারিয়েছি। এর পর নেশন্‌স লিগে স্পেনকে হারাতে হবে।” বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেও ফাইনাল না খেলতে পারার আক্ষেপ এখনও ফুটবলারদের যায়নি বলে জানিয়েছেন টুখেল। তাঁর কথায়, “দল যখন এ রকম লড়াই করে তখন সেটা আপনাকে বাড়তি শক্তি জোগায়। ক্লান্তি আসবে তার পরে। কাল ফাইনালের সময়েও আমাদের মনে ব্যথা হবে। এই কষ্টটা কাটতে সময় লাগবে। তবে যতটা শক্তি বেরিয়ে যাচ্ছে, তার চেয়ে বেশি শক্তি আমরা অর্জন করে নিয়েছি।”