ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে দলের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ শুভমনের

Jul 21, 2026 - 14:26
 3
ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে দলের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ শুভমনের

ইংল্যান্ডের কাছে এক দিনের সিরিজ় হারের পর দলে চোট-আঘাত বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিলেন এক দিনের দলের অধিনায়ক শুভমন গিল। আইপিএলের সময় পাওয়া চোট না সারায় ইংল্যান্ড সফরে পাওয়া যায়নি হার্দিক পাণ্ড্যকে। চোটের জন্য ছিটকে যান নীতীশ কুমার রেড্ডিও। চোট সারিয়ে দলের ফেরার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এক দিনের সিরিজ় থেকে ছিটকে যান হর্ষিত রানাও। এই তালিকায় শেষ দুই সংযোজন ওয়াশিংটন এবং বুমরাহ। একের পর এক চোটের ঘটনায় বিরক্ত এবং হতাশ শুভমন। তাঁর বক্তব্য, চোটের জন্য বার বার প্রথম একাদশ বদলাতে হচ্ছে। প্রভাব পড়ছে পারফরম্যান্সে। ব্যাহত হচ্ছে আগামী বিশ্বকাপের প্রস্তুতিও।দলের চোট-আঘাত নিয়ে শুভমন বলেছেন, ‘‘সমস্যা তো হচ্ছেই। আপনি যদি আমাদের ঘোষিত প্রথম দল দেখেন, সেই দলের পাঁচ জনকে আমরা শেষ ম্যাচে পাইনি। এক জন খেলোয়াড় চোট পেলেও আপনাকে দলে পরিবর্তন করতে হয়। দু’জনের চোট লাগলে আরও পরিবর্তন করতে হয়। কিন্তু প্রায় প্রতি ম্যাচের পরই যদি কারও না কারও চোট লাগে, তা হলে আমাদের কোথাও ভুল হচ্ছে।’’ শুভমন মেনে নিয়েছেন চোট-আঘাতের কারণে ব্যাহত হচ্ছে আগামী বিশ্বকাপের প্রস্তুতি। ভারতের এক দিনের অধিনায়ক বলেছেন, ‘‘বিশ্বকাপের কথা মাথায় রাখলে আমাদের টানা ১১টা ম্যাচ খেলতে হবে। অথচ আমরা দু’তিন ম্যাচের পুরো সিরিজ়ও এক দল নিয়ে খেলতে পারছি না। আমরা এক টানা ম্যচ খেলতে পারছি না। কোথাও তো একটা ঘাটতি হচ্ছেই।’’

দলের ফিটনেসের মান ক্রমশ শুভমনের উদ্বেগের কারণ হয়ে উঠছে। তিনি বলেছেন, ‘‘দু’একটা ম্যাচ খেলেই কেউ কেউ চোট পেয়ে যাচ্ছে। অল্প চোটের ক্ষেত্রেও অনেক সময় ঝুঁকি নেওয়া যায় না। আমাদের দল বদলাতেই হয়। অনেক সময় ম্যাচের দিন সকালে জানা যাচ্ছে, কারও চোট রয়েছে। জানার পর কী ভাবে ঝুঁকি নেব আমরা?’’ বিরক্ত শুভমন আরও বলেছেন, ‘‘ধরুন আপনি পাঁচ জন বোলার নিয়ে খেলছেন। তাদের মধ্যে কেউ ৮০ শতাংশ ফিট থাকলেও সামাল দেওয়া কঠিন হয়ে যায়। আমার মনে হয়, দল হিসাবে আমাদের ফিটনেস-সহ কিছু ব্যাপারে উন্নতি করতে হবে।’’