অবসর নিয়ে জল্পনা! ব্যাট হাতে জবাব দেওয়ার পর মুখ খুললেন রোহিত

Jul 21, 2026 - 14:21
 2
অবসর নিয়ে জল্পনা! ব্যাট হাতে জবাব দেওয়ার পর মুখ খুললেন রোহিত

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ১১০ বলে ১৩৮ রানের ইনিংস খেলে জবাব দিয়েছেন রোহিত শর্মা। সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন।ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের পর রোহিতের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। নির্বাচকেরা তাঁকে জানিয়ে দেন আগামী দিনে তাঁর কথা আর বিবেচনা করা হবে না। তাতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে হস্তক্ষেপ করতে বাধ্য হন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্তারা। তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেই ব্যাট হাতে চেনা মেজাজে দেখা গিয়েছে রোহিতকে। যে লর্ডসে তিনি দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন বলে শোনা যাচ্ছিল, সেই ২২ গজেই ইংল্যান্ডের বোলারদের শাসন করেছেন। এক দিনের ক্রিকেটে ৩৪তম শতরানের পর রোহিত এক হাত নিয়েছেন সমালোচকদের।ভারতীয় বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘‘দেখুন, আমার কাজ হচ্ছে ব্যাট নিয়ে। মাঠে নেমে খেলা। দেশের এবং দলের প্রতিনিধিত্ব করা। অভিষেকের দিন থেকেই এই কথাটা বলে আসছি। এখনও সেটাই করে চলেছি।’’ এর পরই সমালোচনা নিয়ে সুর চড়িয়েছেন রোহিত। কটাক্ষের সুরে তিনি বলেছেন, ‘‘সেই অভিষেকের সময় থেকেই তো সমালোচনা শুনছি। যত দিন খেলব, তত দিন সমালোচনা হবে। সমালোচনা হলেই ভাল। এ সব না হলে ঠিক মজা হয় না। আমার কাজ মাঠের মধ্যে। আর ওদের কাজ মাঠের বাইরে। আমি বিষয়টাকে এ ভাবেই দেখি।’’ রোহিত আরও বলেছেন, ‘‘যদিও এ সব আমায় প্রভাবিত করে না। মাঠে নেমে কী করছি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। দলের সাফল্যের জন্য চেষ্টা করা এবং অবদান রাখাই আসল। এখনও এটাই আমার একমাত্র লক্ষ্য।’’ রোহিত বুঝিয়ে দিয়েছেন, যে যাই বলুন অবসর নেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। লোকের কথায় কান না দিয়ে নিজের কাজ করে যেতে চান। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ জয়।