পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, পাঠানো হল শ্রীরামপুর আদালতে
শ্রীরামপুর-এ পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়া। ধৃত কাউন্সিলরকে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালাবন্ধ অবস্থায় ছিল। সেই তালা খুলতে গেলে শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন।
অভিযোগ, শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ শা তালা খুলতে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় হঠাৎই পিসি পার্টির এএসআই নটরাজের নাকে ঘুষি মারেন কাউন্সিলর। এতে তাঁর নাক ফেটে রক্তপাত শুরু হয়। পরে আহত পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
ঘটনার পর রাজেশ শা-সহ তাঁর আরও দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।
এ প্রসঙ্গে ভাস্কর ভট্টাচার্য বলেন, "পুলিশ কোনও রং না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিক। এলাকায় শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই। কাকে গ্রেফতার করবে বা জিজ্ঞাসাবাদ করবে, সেটা পুলিশের বিষয়। এতে আমাদের কোনও হস্তক্ষেপ নেই।"
অন্যদিকে, আদালতে নিয়ে যাওয়ার পথে তৃণমূল কাউন্সিলর রাজেশ শা দাবি করেন, "পাড়ার সমস্যার সমাধানের জন্য ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হয়েছিল। সেটি দখল নেওয়ার চেষ্টা করছিল বিজেপি ও সিপিএম। সেই নিয়েই ঝামেলা হয়েছে। তবে আমি কারও গায়ে হাত দিইনি। আমি এবং আমার স্ত্রীর ওয়ার্ডে লিড হয়েছে বলেই রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হচ্ছে।"