সোনা পাপ্পু মামলায় ফের তল্লাশি, শহরে দুই ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় সংস্থার অভিযান
কলকাতা: সোনা পাপ্পু মামলার তদন্তে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের দুই ব্যবসায়ীর বাড়িতে একযোগে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আনন্দপুরের আরবান টাওয়ার থ্রি এলাকায় ব্যবসায়ী কল্যাণ শুক্লার বাড়িতে তল্লাশি চলছে। অন্যদিকে আলিপুরে ব্যবসায়ী সঞ্জয় কানোরিয়ার বাড়িতেও অভিযান চালাচ্ছে সংস্থার আধিকারিকরা।
তদন্তে উঠে এসেছে, জয় কামাদারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক গুরুত্বপূর্ণ চ্যাট সামনে এসেছে। সেই সূত্র ধরেই এই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, আর্থিক লেনদেন ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতেই এই অভিযান। ইতিমধ্যেই বেশ কিছু নথি ও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করা হচ্ছে। ঘটনায় শহরের ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।