গৌরাঙ্গর বাড়ির দেওয়ালে দিদি-মোদির ছবি, রাতারাতি 'সেলিব্রিটি' পরিবার

Apr 27, 2026 - 15:03
 6
গৌরাঙ্গর বাড়ির দেওয়ালে দিদি-মোদির ছবি, রাতারাতি 'সেলিব্রিটি' পরিবার

বঙ্গের নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতার মধ্যেই এক সাধারণ মাঝির জীবনে এল অসাধারণ মুহূর্ত। নরেন্দ্র মোদী-র হঠাৎ উপস্থিতি বদলে দিল হুগলির জিরাটের গোপালপুর গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ বিশ্বাসের জীবন। কলকাতার প্রিন্সেস ঘাটে গঙ্গার ধারে নৌকোয় উঠে তাঁর সঙ্গেই নৌবিহার করেন প্রধানমন্ত্রী। আর সেই মুহূর্তের পর থেকেই রাতারাতি 'সেলিব্রিটি' হয়ে ওঠে গৌরাঙ্গর পরিবার।

প্রায় ৭০ বছরের গৌরাঙ্গ, এলাকায় 'কালু' নামেই পরিচিত। স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে তার সংসার, যদিও স্ত্রী অসুস্থ হওয়ায় সংসারের দায়িত্ব এখন ছেলের কাঁধে। একসময় বলাগড়ের গঙ্গায় মাছ ধরেই জীবিকা চলত, কিন্তু মাছের অভাব ও আর্থিক চাপে প্রায় ১৫ বছর আগে তিনি পাড়ি দেন কলকাতা শহরে। তখন থেকেই প্রিন্সেস ঘাট সংলগ্ন গঙ্গায় নৌকো চালিয়েই চলছে সংসার।

ঘটনার দিন হঠাৎই গৌরাঙ্গর নৌকায় উঠে বসেন প্রধানমন্ত্রী। প্রথমে বিষয়টি বুঝতেই পারেননি তিনি বা তাঁর পরিবার। পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করলে গোটা বিষয়টি স্পষ্ট হয়। গৌরাঙ্গর ছেলে শংকর জানান, "আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি। বাবাকে ফোনে পাচ্ছিলাম না। পরে জানায়, ব্যস্ত আছি, পরে কথা বলব। এরপরই জানতে পারি কী ঘটেছে।"

এই ঘটনার পর থেকেই গৌরাঙ্গর বাড়িতে যেন উৎসবের আবহ। তার দোতলা বাড়ির চারপাশে পাঁচিল জুড়ে আঁকা রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রতীক-ঘাসফুল, পদ্মফুল, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর ছবিও। যেন একেবারে বাংলার রাজনৈতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি।

পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়। গৌরাঙ্গ নিজে অন্যের নৌকো চালান, আর ছেলে গেঞ্জি তৈরি করে সংসার চালান। তবুও এই ঘটনাকে তারা জীবনের বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন। প্রতিবেশীরাও আবেগপ্রবণ -"এটা আমাদের গ্রামের গর্ব, প্রথমে বিশ্বাস করতে পারিনি," বলছেন স্থানীয়রা।

এক সাধারণ মাঝির জীবনে প্রধানমন্ত্রীর এই হঠাৎ আগমন এখনো যেন স্বপ্নের মতোই মনে হচ্ছে গৌরাঙ্গ ও তাঁর পরিবারের কাছে।