অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০!প্রায় দেড় লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত
অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে। শনিবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও বহু এলাকা প্লাবিত। ঘরে ফিরতে পারছে না বহু পরিবার।রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, চরাইদেও, দারাং, গোলাঘাট, শিবসাগর, যোরহাট, কার্বি আংলং, নওগাঁওয়ে ১ লক্ষ ৩৭ হাজার মানুষ বন্যাকবলিত। এই জেলাগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোলাঘাট। সেখানে ৭০ হাজার মানুষ বন্যাকবলিত। তার পর রয়েছে শিবসাগর। সেখানে ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। যোরহাটে ১৬ হাজার।প্রশাসন সূত্রে খবর, যে সব এলাকায় পৌঁছোনো যাচ্ছিল না, সেই জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গত মানুষদের জন্য ছয় জেলায় ১২৫টি ত্রাণশিবির এবং ত্রাণবণ্টন কেন্দ্র খোলা হয়েছে। ৪৫৬টি গ্রাম এখনও প্লাবিত। প্রায় ১২ হাজার হেক্টর কৃষিজমি এবং ফসল নষ্ট হয়ে গিয়েছে। এখনও রাজ্যের বড় নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। স্থানীয় সূত্রে খবর, জল অনেক জায়গায় নেমে গেলেও এখনও পরিস্থিতি খারাপ। অনেকের বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যে সব বাড়িঘর অক্ষত রয়েছে, সেখানে বাস করার মতো পরিস্থিতি এখনও নেই। তবে এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন।