সাগরের লড়াইয়ে এবার ‘লাল’ ঝড়; ব্রিজের দাবি আর রুটি-রুজির ইস্যু নিয়ে প্রচারে বামপ্রার্থী স্বপন সিংহ*

Mar 22, 2026 - 15:47
 19
সাগরের লড়াইয়ে এবার ‘লাল’ ঝড়; ব্রিজের দাবি আর রুটি-রুজির ইস্যু নিয়ে প্রচারে বামপ্রার্থী স্বপন সিংহ*

অমিত মণ্ডল, নামখানা: তৃণমূল ও বিজেপির প্রার্থী ঘোষণা ও প্রচার শুরুর পর এবার সাগর বিধানসভা কেন্দ্রে কোমর বেঁধে নামল বামেরা। রবিবার নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে প্রচার সারলেন সাগর বিধানসভা কেন্দ্রের এবারের সিপিআইএম প্রার্থী স্বপন সিংহ।সকাল দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার পর নামখানার বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে মানুষের দুয়ারে পৌঁছান তিনি। শুধুমাত্র জনসংযোগ নয়, এদিন প্রার্থী নিজের হাতে দেওয়াল লিখনের কাজে হাত লাগান।

প্রান্তিক সুন্দরবন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মুড়িগঙ্গা নদীতে সেতু। সেই সেতু, বেহাল নদী বাঁধ এবং সাধারণ মানুষের রুটি-রুজির অভাবকে এবার প্রচারের মূল হাতিয়ার করেছেন স্বপন সিংহ। তিনি বলেন, "সুন্দরবনের মানুষের আসল সমস্যাগুলো আড়ালে চলে গেছে। আমরা সেই রুটি-রুজির লড়াই আর দ্বীপের মানুষের যাতায়াতের সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে মানুষের কাছে যাচ্ছি।"

প্রচারের ফাঁকে তৃণমূল ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন বামপ্রার্থী। স্বপন সিংহের দাবি, "তৃণমূল আর বিজেপিকে আমরা আলাদা দল মনে করি না। ওরা আসলে একই দলের দুটো পিঠ। একজনের থেকে অন্যজনে যাওয়া-আসা লেগেই আছে।" তিনি আরও যোগ করেন, এবারের বিধানসভা নির্বাচনে বামেদের ছাড়া সরকার গঠন অসম্ভব এবং জয়ের ব্যাপারে তাঁরা ১০০ শতাংশ আশাবাদী।

এদিনের কর্মসূচিতে স্বপন সিংহের সঙ্গে ছিলেন নামখানা এরিয়া কমিটির সম্পাদক সজল ঘড়ুই-সহ শতাধিক বাম কর্মী-সমর্থক। নামখানা ব্লকের বিভিন্ন জায়গায় লাল ঝাণ্ডার মিছিলে পুরনো বাম কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সাগর বিধানসভার এই হাই-ভোল্টেজ লড়াইয়ে বামেদের এই সক্রিয়তা ভোট সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।