মৌমাছির আতঙ্কে বন্ধ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর গেট, আহত চিকিৎসক-রোগী
মৌমাছির তাণ্ডবে কার্যত স্তব্ধ হয়ে গেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর আউটডোর পরিষেবা। শুক্রবার থেকে আউটডোর বিভাগের মূল গেট বন্ধ রাখতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিজনেরা।
জানা গিয়েছে, হাসপাতালের সামনের একটি বড় গাছের উপরে বিশাল মৌচাক তৈরি হয়েছিল। সেখান থেকেই আচমকা মৌমাছির ঝাঁক নেমে এসে হাসপাতাল চত্বরে হুল ফোটাতে শুরু করে। হুলের আঘাতে এক চিকিৎসক, কয়েকজন হাসপাতাল কর্মী ও রোগীর পরিজন আহত হন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই বন দপ্তর ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টা চললেও মৌচাক সরানো সম্ভব হয়নি বলে সূত্রের খবর। নিরাপত্তার কথা মাথায় রেখে আউটডোর বিভাগের সমস্ত গেট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে স্বাভাবিক পরিষেবা চালু করা কঠিন। কীভাবে নিরাপদ উপায়ে মৌচাক সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। রোগী পরিষেবা যাতে সম্পূর্ণ ব্যাহত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে।