মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবীরকে ওয়াই প্লাস নিরাপত্তা, বাড়িতে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী

Mar 6, 2026 - 14:52
 11
মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবীরকে ওয়াই প্লাস নিরাপত্তা, বাড়িতে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী

মুর্শিদাবাদ: বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক পদক্ষেপ। তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক এবং আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ওয়াই প্লাস (ওয়াই+) ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর ১২ জন নিরাপত্তারক্ষী মুর্শিদাবাদের শক্তিপুরে তাঁর বাড়িতে পৌঁছান।

তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে অভিযোগ করেছিলেন হুমায়ুন কবীর। সেই কারণেই কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। গত ১৯ জানুয়ারি বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেতে হলে তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করতে হবে।

আদালতের নির্দেশ মেনে ২৪ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিরাপত্তার আবেদন জানান হুমায়ুন কবীর। সেই আবেদনের ভিত্তিতেই তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

বুধবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর ১২ জন সদস্য শক্তিপুরে তাঁর বাড়িতে পৌঁছেছেন বলে নিজেই জানিয়েছেন হুমায়ুন কবীর।

বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটের প্রাক্কালে এই নিরাপত্তা প্রদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ।