ভোটের ময়দানে 'রাঁধুনি' রমাপ্রসাদ, নারায়ণগড়ে অভিনব প্রচারে চমক বিজেপি প্রার্থীর

Mar 30, 2026 - 08:30
 7
ভোটের ময়দানে 'রাঁধুনি' রমাপ্রসাদ, নারায়ণগড়ে অভিনব প্রচারে চমক বিজেপি প্রার্থীর

নারায়ণগড়ে ভোটের প্রচারে এবার ভিন্ন মেজাজে দেখা গেল বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরিকে। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে একের পর এক অভিনব উদ্যোগে নজর কেড়েছেন তিনি। কখনও পাড়ার সেলুনে ঢুকে দাড়ি কামাতে, আবার কখনও ভোটারের বাড়ির রান্নাঘরে ঢুকে খুন্তি হাতে তুলে নিতে দেখা যাচ্ছে তাঁকে।

সম্প্রতি প্রচারের মাঝে হঠাৎই একটি সাধারণ বাড়িতে ঢুকে পড়েন রমাপ্রসাদ গিরি। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলতে বলতেই বসে পড়েন উনুনের পাশে। বাড়ির গিন্নি চাল ভাজছিলেন, সেই কাজেই নিজে হাত লাগান তিনি। কাঠের উনুনে দক্ষতার সঙ্গে চাল ভেজে উপস্থিত সকলকে চমকে দেন প্রার্থী।

এর আগেও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি একটি ছোট সেলুনে ঢুকে সাধারণ মানুষের মতো লাইনে বসে দাড়ি কামাচ্ছেন। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে 'মাটির মানুষ' হিসেবেই তুলে ধরতে চাইছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, এই ধরনের ব্যতিক্রমী প্রচারের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করার চেষ্টা করছেন রমাপ্রসাদ গিরি। তৃণমূল স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, সাধারণ পরিবারের সদস্য হিসেবে নিজেকে তুলে ধরা এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত নজর কেড়ে নেওয়াই এই কৌশলের লক্ষ্য বলেই মনে করা হচ্ছে।

রমাপ্রসাদ গিরির কথায়, "রাজনীতি মানে শুধু মঞ্চে ভাষণ দেওয়া নয়, মানুষের জীবনের সঙ্গে মিশে যাওয়া। আমি তাঁদেরই একজন, সেটাই বোঝাতে চাই।"

সব মিলিয়ে তাঁর এই ভিন্নধর্মী প্রচার এখন নারায়ণগড় জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে এই অভিনব কৌশল ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।