ভোটের মুখে কলকাতায় অস্ত্রভাণ্ডার উদ্ধার, স্ট্র্যান্ড রোড থেকে গ্রেফতার ১
কলকাতা: আসন্ন নির্বাচনের প্রাক্কালে শহর কলকাতায় বড়সড় সাফল্য পেল পুলিশ। স্ট্র্যান্ড রোডের একটি সুলভশৌচালয় থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশ এসটিএফ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হয়েছে ৩টি দেশি পিস্তল, ২টি ৭ এমএম পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড ৮ এমএম কার্তুজ এবং ২২ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। ঠিক কী উদ্দেশ্যে শহরের মধ্যে এত বিপুল অস্ত্র মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
ভোটের আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও, পুলিশের এই তৎপরতাকে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।