ভোটের দিন ঘোষণার আগেই নামখানায় কেন্দ্রীয় বাহিনী; পুলিশকে সঙ্গে নিয়ে চলছেরুট মার্চ

Mar 15, 2026 - 13:06
 23
ভোটের দিন ঘোষণার আগেই নামখানায় কেন্দ্রীয় বাহিনী; পুলিশকে সঙ্গে নিয়ে চলছেরুট মার্চ

অমিত মণ্ডল, নামখানা: ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ, কিন্তু তার আগেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করতে ময়দানে নামল কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের ভয় কাটাতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে রবিবার নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় জওয়ানরা। ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনি,সর্বত্রই টহল দিতে দেখা গেল তাঁদের। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন জনবহুল মোড় ও স্পর্শকাতর এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনীর দল। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার পাশাপাশি সুন্দরবনের দুর্গম মৌসুনি দ্বীপের প্রতিটি কোণায় পৌঁছে যান জওয়ানরা। মূলত সীমান্তবর্তী ও নদী সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তাজনিত শৃঙ্খলা বজায় রাখাই এই আগাম টহলদারির মূল উদ্দেশ্য।

শুধুমাত্র রাস্তায় মার্চ করা নয়, এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল জওয়ানদের। ভোটারদের কোনো ভয় বা সমস্যা রয়েছে কি না, তা সরাসরি তাঁদের কাছ থেকে জানার চেষ্টা করেন বাহিনীর আধিকারিকরা। এর পাশাপাশি এলাকার বিভিন্ন স্কুল ও ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন তাঁরা। 

ভোটের আগে সুন্দরবন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ইতিহাস রয়েছে। তাই এবার আগেভাগেই কেন্দ্রীয় বাহিনীর এই উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী দিনগুলোতে নামখানা ব্লকের অন্যান্য এলাকাতেও এই টহলদারি জারি থাকবে।