ভোটার তালিকা ইস্যুতে উত্তেজনা, মোথাবাড়িতে কংগ্রেসের ধর্না কালিয়াচক ২ বিডিও অফিসে

Apr 2, 2026 - 10:35
 7
ভোটার তালিকা ইস্যুতে উত্তেজনা, মোথাবাড়িতে কংগ্রেসের ধর্না কালিয়াচক ২ বিডিও অফিসে

মালদা: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার কালিয়াচক ২ বিডিও অফিসের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসে জাতীয় কংগ্রেস।

মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীর উদ্যোগে এই ধর্না কর্মসূচির আয়োজন করা হয়। তাঁর নেতৃত্বে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন।

সায়েম চৌধুরীর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই এই ধর্না। তাঁর আরও দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, একই ধরনের নথি জমা দেওয়ার পরেও কারও নাম তালিকায় থাকছে, আবার কারও নাম বাদ পড়ছে-কেন এই বৈষম্য? নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানাচ্ছে না, ঠিক কোন নথি দিলে ভোটারদের নাম বহাল থাকবে বলেও অভিযোগ করেন তিনি।

কংগ্রেস নেতৃত্বের দাবি, নির্দিষ্টভাবে কোনও সম্প্রদায়কে টার্গেট করেই এইভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। অবিলম্বে সমস্ত বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত না করা হলে এই ধর্না কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।