বারুইপুরে জমজমাট প্রচার, তৃণমূল-বিজেপির জোর লড়াইয়ে উত্তপ্ত ভোটের ময়দান

Apr 10, 2026 - 09:10
 8
বারুইপুরে জমজমাট প্রচার, তৃণমূল-বিজেপির জোর লড়াইয়ে উত্তপ্ত ভোটের ময়দান

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বারুইপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রে জোরকদমে প্রচার চালাল তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত একাধিক এলাকায় মিছিল, পথসভা ও জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত থাকেন প্রার্থীরা।

বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে নামেন। মল্লিকপুর স্টেশন, গণিমা মসজিদ এলাকা, নতুন পল্লী সহ বিভিন্ন এলাকায় কখনও পায়ে হেঁটে, কখনও সুসজ্জিত টোটোতে করে প্রচার চালান তিনি। এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সমর্থন চান। বিকেলে বারুইপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া, উত্তর উকিলপাড়া, শাহজাহান রোড-সহ একাধিক এলাকায় পদযাত্রা করেন এবং রাতে একটি পথসভা করেন। প্রচারে তিনি রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল, রেল ওভারব্রিজ, বাইপাস, ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন।

অন্যদিকে, বারুইপুর পশ্চিমে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল মল্লিকপুরের বলরামপুর সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। মানুষের সঙ্গে কথা বলে আশীর্বাদ চান এবং জয়ের পর মহিলা কলেজ, ফলের বাজার, সংরক্ষণাগার, উন্নত রাস্তাঘাট ও পানীয় জলের প্রতিশ্রুতি দেন। এদিন বারুইপুর পূর্ব

বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের প্রচার ছিল চোখে পড়ার মতো। প্রার্থী বিভাস সরদার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের নুড়িদানা এলাকায় একটি বড় মহিলা সমাবেশ করেন। প্রায় পাঁচ হাজার মহিলা কর্মীর উপস্থিতিতে সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সভায় তিনি বলেন, সামনে কঠিন নির্বাচন। তাই কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বিজেপি ও সিপিএমকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলেও কড়া বার্তা দেন তিনি। পাশাপাশি বাইরে থেকে কেউ এসে অশান্তি পাকাতে চাইলে স্থানীয় মানুষই তার জবাব দেবে বলে জানান।