বাংলা আবাস যোজনায় টাকা লোপাটের অভিযোগ, কালিয়াচকে রাজনৈতিক চাপানউতোর
ব্যাংক হিসাব নম্বর বদলে প্রথম কিস্তির টাকা অন্যের অ্যাকাউন্টে! উপপ্রধানের বিরুদ্ধে সরব উপভোক্তারা, অভিযোগ অস্বীকার
মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে বাংলা আবাস যোজনাকে ঘিরে ফের দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, আধার নম্বর ও ব্যাংক হিসাব নম্বর পরিবর্তন করে প্রকৃত উপভোক্তার টাকা অন্য ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
অভিযোগকারী আদরি মণ্ডলের দাবি, আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা তাঁর অ্যাকাউন্টে না গিয়ে অন্য এক উপভোক্তার অ্যাকাউন্টে জমা পড়েছে। মোবাইলে টাকা প্রাপ্তির বার্তা দেখে তিনি ব্যাংকে গেলে বিষয়টি ধরা পড়ে। পরে বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর ব্যাংক হিসাবের তথ্য বদলে গিয়েছে।
এরপর তিনি ব্লক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। আদরি মণ্ডল ও তাঁর পুত্র রমল মণ্ডলের সরাসরি অভিযোগ, এই দুর্নীতির সঙ্গে এলাকার উপপ্রধান জড়িত এবং প্রধানের মদত রয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও তুলেছেন তাঁরা।
যদিও চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল মণ্ডল স্বীকার করেছেন, এলাকায় আরও কয়েকজনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
ইংলিশবাজারের পর এবার কালিয়াচকের এই ঘটনায় আবাস যোজনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।