নমিনেশন র্যালির দিন রক্তাক্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
নন্দীগ্রাম: মনোনয়ন জমার দিনই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। তৃণমূল প্রার্থী পবিত্র করের মনোনয়ন র্যালিকে ঘিরে সংঘর্ষের অভিযোগ উঠেছে। সেই ঘটনার জেরেই এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার র্যালি করে মনোনয়ন জমা দেন পবিত্র কর। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, র্যালিতে যাতে দলীয় কর্মী-সমর্থকেরা অংশ নিতে না পারেন, তার জন্য আগের দিন থেকেই বিজেপির পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকি উপেক্ষা করেই র্যালিতে যোগ দিতে বেরিয়েছিলেন ভেকুটিয়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জেলেমারা এলাকার বাসিন্দা শক্তিপদ দাস, যিনি ফড়িং দাস নামেও পরিচিত।
অভিযোগ, পথে তাঁকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভোটের আগে এই মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।