নদিয়া-মুর্শিদাবাদ সীমান্তে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৫ পড়ুয়া, আশঙ্কাজনক এক
নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমান্তে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হল প্রায় ১৫ জন স্কুল পড়ুয়া। গুরুতর আহত ১১ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউ-তে রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল প্রায় ৯টা নাগাদ পলাশি ফুলবাগান মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের তেঘরিয়া-নাজিরপুর এলাকা থেকে একটি ভাড়া করা ম্যাজিক ভ্যানে করে ছাত্রছাত্রীরা নদিয়ার পলাশিতে অবস্থিত একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল। পথে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে স্কুল গাড়িটির।
স্কুল সূত্রে জানা গিয়েছে, আহত পড়ুয়ারা নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন। চারজনকে পলাশি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, বাকি ১১ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
এক শিক্ষক জানান, আসন্ন নির্বাচনের জন্য ওই এলাকায় নাকা তল্লাশি চলছিল এবং একটি ডাম্পার গাড়ি পুলিশ দাঁড় করিয়ে রাখে। আচমকাই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা ওই ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে স্কুল ভ্যানটির।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি স্কুলের নয়, অভিভাবকেরাই ভাড়া করে ছাত্রছাত্রীদের পাঠাতেন।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।