দাদা মুখ্যমন্ত্রী, ভাই হিসাবে আমি গর্বিত” – হলদিয়ায় শিল্পোন্নয়নের বার্তা দিব্যেন্দু অধিকারীর
হলদিয়া :
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ছেলে শুভেন্দু অধিকারী। এই আবহেই সোমবার হলদিয়ার চৈতন্যপুরে মদন চাঁদ জিউ-এর পুজো ও নরনারায়ণ সেবা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগঘন প্রতিক্রিয়া দিলেন এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী।
তিনি বলেন, “দাদা মুখ্যমন্ত্রী হওয়ায় ভাই হিসাবে আমি গর্ববোধ করছি। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আশাকরি তিনি রাজ্যের মানুষের জন্য ভালো কাজ করবেন। সবে শুরু হয়েছে, আগামী দিনে বাংলার উন্নয়ন আরও দ্রুত হবে।"
শিল্প শহর হলদিয়া প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারী জানান, "এই মুহূর্তে বিশেষ কিছু মন্তব্য করতে চাই না। তবে শ্রমিক ও বর্তমান শিল্প মালিকদের সঙ্গে নিয়ে হলদিয়ার শিল্পোন্নয়নে আমরা কাজ করবো।"
এদিনের অনুষ্ঠানে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা, মহিষাদলের বিজেপি বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, বিজেপি নেতা সোমনাথ ভূঁইয়া সহ অন্যান্য নেতৃত্ব।