বিজেপির অভিনব বিজয় মিছিল, খোল-করতালের তালে মাতলেন কর্মীরা, বিতরণ করা হলো ঝাল-মুড়ি
জামুড়িয়া :
জেলায় ন'টি আসনে বিজেপির জয়জয়কারের পর থেকেই উৎসবের আবহে মেতেছেন দলীয় কর্মী-সমর্থকরা। সেই আবহেই মঙ্গলবার এক অভিনব বিজয় মিছিলের সাক্ষী থাকল জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বাগডিহা-সিদ্ধপুর গ্রাম।
এদিন জামুড়িয়া মণ্ডল-২ এর উদ্যোগে বাগডিহা গ্রাম থেকে বিজয় মিছিল শুরু হয়। পরে গ্রামের বিভিন্ন অলিগলি পরিক্রমা করে মিছিল পৌঁছায় সিদ্ধপুর গ্রামে। সেখানেও এলাকাজুড়ে প্রদক্ষিণের পর পুনরায় বাগডিহা গ্রামে এসে শেষ হয় মিছিল।
মহিলা-পুরুষ নির্বিশেষে অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মিছিল হয়ে ওঠে উৎসবমুখর। মিছিলের অগ্রভাগে ভারত মাতার প্রতিকৃতি নিয়ে খোল-করতালের তালে সনাতন ধর্মের বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে।
এদিনের বিজয় মিছিলে অভিনব চমক ছিল সাধারণ মানুষের মধ্যে ঝাল-মুড়ি বিতরণ। রাজনৈতিক বিজয়কে ঘিরে ভিন্নধর্মী এই উদযাপন ঘিরে এলাকায় তৈরি হয় উৎসাহ ও কৌতূহল।
বাগডিহা ও সিদ্ধপুর এলাকার বিজেপি কর্মীদের দাবি, মানুষের সমর্থন ও আশীর্বাদেই এই জয় এসেছে, আর সেই আনন্দই সকলের সঙ্গে ভাগ করে নিতেই এই অভিনব উদ্যোগ।