বৈশাখের কাঠফাটা গরমে বাড়ছে ডাবের চাহিদা

May 13, 2026 - 12:48
 7
বৈশাখের কাঠফাটা গরমে বাড়ছে ডাবের চাহিদা

শিলিগুড়ি:

বৈশাখের তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সকাল থেকেই চড়া রোদ ও ক্রমবর্ধমান তাপমাত্রায় নাজেহাল শহরবাসী। আর এই গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে অনেকেরই ভরসা এখন ডাবের জল।

শিলিগুড়ির বিভিন্ন বাজার ও রাস্তার ধারের ফলের দোকানগুলিতে এখন বাড়ছে ডাবের বিক্রি। বিক্রেতাদের কথায়, গরম পড়তেই হঠাৎ করেই বেড়েছে চাহিদা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই রয়েছে।

চিকিৎসকদের মতে, ডাবের জল শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ক্লান্তি দূর করে এবং গরমে শরীরে জলের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তীব্র গরমে অনেকেই কোমল পানীয়ের বদলে বেছে নিচ্ছেন প্রাকৃতিক পানীয় ডাবের জল।

ডাব বিক্রেতাদের আশা, প্রতি বছরের মতো এ বছরও গরমের মরশুমে ভালোই বিক্রি হবে। বৈশাখের দাবদাহ যত বাড়বে, ততই বাড়বে ডাবের চাহিদা বলেই মনে করছেন তারা।