চন্দ্রকোনায় বিজেপির 'গান্ধীগিরি', আগের রূপেই ফিরল ক্ষীরপাই পৌরসভা
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর :
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভায় দেখা গিয়েছিল রাজনৈতিক রঙের পরিবর্তন।
পৌরসভার নীল-সাদা রং বদলে গেরুয়া-সাদা করা হয়েছিল। পাশাপাশি পৌর ভবনের সামনে লাগানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বড় কাট-আউটও।
তবে কয়েক দিনের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। ফের আগের নীল-সাদা রঙে রাঙানো হলো ক্ষীরপাই পৌরসভা ভবন। সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাট-আউটও।
জানা গিয়েছে, ক্ষীরপাই পৌরসভা তৃণমূল পরিচালিত। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় নানা জল্পনা। যদিও বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক সুকান্ত দোলই স্পষ্ট জানিয়েছেন, "এটি বিজেপির সংস্কৃতি নয়। কর্মীরা আবেগের বশে যে কাজ করেছিলেন, তা সমর্থনযোগ্য নয়। তাই পৌরসভাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।"
অন্যদিকে বিজেপির এই পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। তৃণমূল কংগ্রেস কর্মী ত্রিদিব চক্রবর্তীর বক্তব্য, রাজনৈতিক মতভেদ থাকলেও সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় বজায় রাখা উচিত।
ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।